Nayan | WritersCafe.org

Showing posts with label Bondage. Show all posts
Showing posts with label Bondage. Show all posts

Saturday, October 12, 2024

কীরকম ভালবাসায় ... ? In what kind of Love ... ?


যে ভালবাসায় কোনও শিকল নেই,
গলা টিপে ধরবে - কোনও এমন কল নেই,
দমবন্ধ করা "করতেই হবে"-এর বলও নেই,
সেরকম ভালবাসাতেই যেন যাই গো প্রভু!

যে ভালবাসায় প্রত্যাশার মরম যন্ত্রণা নেই,
চাহিদা মেটানোর তর-না-সওয়া উগ্রতা নেই,
ছল করে যা চাই তা আদায় করার চেষ্টাও নেই,
সেরকম ভালবাসাকেই যেন গ্রহণ করি প্রভু!

যে ভালবাসায় নিজের ঢাক পেটানোর জ্বর নেই,
রাগ, সংশয়, হিংসে ইত্যাদির লেশমাত্র যেখানে নেই,
আবেগের বশে ক্ষতি চাইবার মতো ইচ্ছেও নেই,
সেরকম ভালবাসাতেই যেন নত হই প্রভু!

যে ভালবাসায় আছে স্বেচ্ছায় সাহায্য করা,
বিরহের ব্যথায় নিঃশব্দে চোখের জল ফেলা,
আর আছে নিজেকে ভুলে শুধু ভালো চাওয়া,
সেরকম ভালবাসাতেই যেন যাই গলে প্রভু!

-- নয়ন
শনিবার, 12 অক্টোবর 2024
রাত 11 টা, পাটনা

Friday, August 25, 2023

আর বস্তু নয় - No More Things Please!


যারা আমায় দিয়ে চলে
বা দেবে বলে ভেবেছে কিছু
যা কিনা কেবলই জিনিষ মিছু,
করি তাদেরকে অনুরোধ - দিও না
আমায় বস্তু কোনও কিছু!

বড়ই কঠিন এড়িয়ে যাওয়া -
দিন যায়, রাত যায়, জীবনও হায়!
তবু বাসনা যে কিছুতেই না যায়,
চোখের সামনে সব যায় বদলে,
ইচ্ছেরা স্রেফ একই থেকে যায়!

তাই, দিও না গো, বিশেষ
কোনও বস্তু বলে ঘাড়ে চাপিয়ে,
বারে বারে ফাঁদে ফেলে পা, কাঁপিয়ে -
চিরন্তন রঙ দেখিও না ভুল করে,
যা হবেই শেষ, তা ফুলিয়ে ফাঁপিয়ে!

যদি সত্যিই চাও কিছু দিতে,
তাতে সত্যিই যদি শান্তি
মনের পেতে চাও, তবে জেনো -
দিও এমনকিছু যা কিনা বস্তু নয় -
টাকার দুনিয়ায় যার লেনদেন হয় না!

"আজ আছে, কাল নেই" এর ভয় নেই,
সুন্দর চাদরে ঢাকা চোরাবালি যাতে নেই,
যা নিত্য হয়েও থাকে দৃষ্টির বাইরে,
তার একটু ছোঁয়া দিও ভাই রে! -
যাতে আর লুকোচুরির লেশ নাইরে!

খোলা মনে হাসতে পারা,
বাঁধন ছাড়া বাঁচতে পারা -
দিতে এমন কি কিছু আছে?
যা তোমা' আমার নির্বিশেষে,
থেকে যাবে চিরশেষে!

চোখ ধাঁধাবে না যার চমকে,
জিভ লকলকিয়ে উঠবে না লালসায়,
বা জঠরের নিচে চুলকানিও হবে না -
এমন কিছুর সন্ধান দেবে কি?
যা মুক্তি পথের আলো দেখাবে!

- নয়ন
শুক্রবার, 25 আগস্ট, 2023
রাত 11:20, পাটনা

Thursday, July 20, 2023

লেগেছে কাদা পায়ের তলে - Dirt At My Feet


লেগেছে কাদা পায়ের তলে,
মনটি তাই বেজায় জ্বলে।
মাটির কাদা, মাটিরই পা,
তাও যে বড্ড জ্বলে গা!

কাঁটা-ছেড়াগুলোকে 
মাটি দিয়ে ঢাকতে --
সময় লাগে -- জেলখানার বাইরে
বাস্তবের বাড়ি গড়তে।

টাকা লাগে না হাসতে
আর, পুরোদমে বাঁচতে।
কেন তবু দোলে না কেউ, 
কাজের ফাঁকে-ফাঁকে?

কথাতেই পৃথিবী,
হায়! হয়ে যায় বিক্রি।
নিস্তব্ধতাকে কেউ চায় না,
কেনে শুধু শব্দগুলোকে।

চাতক পাখি রে,
কোন কালে পাবি রে তুই জল?
বর্ষা যে বড়ই দূরে,
কীকরে থাকবি রে তুই বল?

না জানি এ কোন 
জনমের তোর কর্মের ফল?
তৃষ্ণার্ত উড়ে চলিস, 
মাটিতে থাকা সত্ত্বেও জল।

একদিন যাবে মাটিতে,
একেবারে সবই মিশে,
পাবেনা কিছুই কোথাও খুঁজে,
উধাও হবে হাওয়ার দেশে।

নেই তাতে কিছু ভয়,
ছিলাম -- রেখোনা সংশয়,
মুখোমুখি দেখিনি যদিও,
চোখাচোখি হয়নি শুধু।

তাতে কী? শুভেচ্ছা নিয়ে
ছিলাম তো মনে-প্রাণে,
আশারই এক নাম জীবন,
এ'টুকখানি রইলো মনে।

- নয়ন,
দুপুর 12:30
বৃহস্পতিবার, 20 জুলাই 2023
পাটনা

খেয়া হারানো - Lost & Bewildered


সীমার থেকে ওপার যেতে, 
মনের মাঝে পাল-টি গেঁথে,
জলের তুমুল হইচই-এর পার,
গেলাম আটকে থেমে মাঝধার!

না জানি কতগুলো নদ জীবন,
পেরিয়ে, ঢেউয়ে ভেসে এমন, 
ভেবে এই তো চমকের পালা,
খোলে না তাও তীরের তালা!

প্রাণের মায়া, সময়ের গতি,
কোনটা ক্ষুদ্র, কোনটা অতি?
স্তব্ধ হিয়া ও ভ্রান্ত মতি,
বিশ্রাম মাগে ক্লান্ত সতী!

খুঁজে চলে দূরের আলো,
মুছতে গিয়ে কপালের কালো,
তবু মনের মাঝে হানাহানি,
করে শুম্ভ নিশুম্ভের টানাটানি!

স্বপ্নের দ্বীপে চলে মায়ার মেলা,
টিস টিস করে বাঁধন জ্বালা।
ভবিতব্যের ভয়ে কি দেবো না পারি?
খেয়া হারানো মুক্তির বাড়ি!

- নয়ন
মধ্যরাত্রি, 12:53 am
20 জুলাই 2023
পাটনা