Nayan | WritersCafe.org

Showing posts with label wish. Show all posts
Showing posts with label wish. Show all posts

Monday, November 17, 2025

আসল চাওয়া (Real Wish)



যেখানে কেউ নেই আশেপাশে,
কাঁটা ছেঁড়া, টানা হেঁচড়া না করেই
শান্তিতে যেতে দেয় আমাকে,
এমনই নিরিবিলিতে যেন
মৃত্যু বরণ করতে পারি আমি,
প্রকৃতির মাঝে, যেখানে
ধুলি ধূসর মাটির গন্ধে গন্ধে,
বাতাস হালকা হাসিতে হাঁসে,
আর তাতেই সবুজ ধানের শীষ
আর হলুদ সর্ষে ফুলের দোলা
ছুঁয়ে যায় কাদা মাটি মাখা
স্টেশনে আটক রেলগাড়ির খাঁচার
ভিতর বসে থাকা মনের খেলাঘরের
সেই ছোট্ট অচিন পাখিটিকে!

যদি বেদনা বৃষ্টি হয়ে ঝরে পড়ত,
আর কান্না নীল সাগরের ঢেউ হতো,
তাহলে তো বুকের ভিতরটায় আর
এতোটা ব্যথা হতো না, এতো চাপ হতো না।
যদি মনের কথা শোনাবার জন্য
মুখে বাণী হতো, আর শুনবার জন্য
ভালোবাসা আর ধর্যের কান হতো,
তাহলে তো মানুষ বন্ধু পেতো।
যদি এতো টানটান পৃথিবীতে
একটু বইতো পাগলা হাওয়া,
একটু ভয় কম হতো আর
একটু লয় বেশি হতো জীবনে,
তাহলে দেবতা আর দেউলেই থাকতো না,
কুঁড়েঘরেও তাঁকে জীবন্ত পেতে!

সময়ের চারদেয়ারিতে বসে বসে
হয়ত ভুলেই গেছি যে একদিন এমন আসবে
যেদিন এ দেয়াল আর দেয়াল থাকবে না!
যেদিন সিনেমার মতো ঝিলমিল করে ওঠা,
ঊষার আলোয় আলোকিত, রঙে রঙিন, 
আর স্বপ্নের দরজা এতেও দেখা দেবে।
সেদিন তো আর বসে থাকলে চলবে না!
সেদিন স্বয়ং যেন ডাক দেবেন ঠাকুর,
যদি তৈরি না থাকি, যদি হাতছাড়া
হয়ে যায় তাঁকে দেখার শেষ সুযোগ!
তাহলে যে জীবনটাই ফসকে যাবে, বলো?
আর কি তখন আফসোস মিটবে কখনও?
তাই যেন আজ বইছে চোখের জল -
সকল খেলার মাঝে কবে পাবো (তোমাকে) সম্বল?

-- ভাস্কর জ্যোতি ঘোষ 
রবি, 17 নভেম্বর 2025
সন্ধ্যে 7টা, পাটনা

(ছবিটি perplexity AI এর মাধ্যমে তৈরি)

Monday, April 7, 2025

যাবে নাকি হাঁটতে (Jabe Naki Hat-te)


যাবে নাকি হাঁটতে, একসাথে,
ভোরের মিষ্টি রোদ্দুরে ভাসতে?
দূর অবধি ছড়িয়ে থাকা মাঠে,
একটি ছাগল আর দুটি সারসের সাথে?
আর হাঁপিয়ে গেলে একটু হাঁপাতে,
হাঁ করে বসে থাকা চেয়ারের পাশে?
সকালের ঘুমচোখ মেটাতে এক টুকরো
বিস্কুট আর এক চুমুক চায়ের আশে,
রাঙা মাটির পথে সেই আমগাছের তলে,
যাবে নাকি সেই ছোট্ট দোকানেতে?

-- 
ভাস্কর ঘোষ
সোমবার, 7 এপ্রিল 2025
সকাল 8:00

(গুগল জেমিনির মাধ্যমে ছবিটি তৈরি)

Saturday, October 12, 2024

কীরকম ভালবাসায় ... ? In what kind of Love ... ?


যে ভালবাসায় কোনও শিকল নেই,
গলা টিপে ধরবে - কোনও এমন কল নেই,
দমবন্ধ করা "করতেই হবে"-এর বলও নেই,
সেরকম ভালবাসাতেই যেন যাই গো প্রভু!

যে ভালবাসায় প্রত্যাশার মরম যন্ত্রণা নেই,
চাহিদা মেটানোর তর-না-সওয়া উগ্রতা নেই,
ছল করে যা চাই তা আদায় করার চেষ্টাও নেই,
সেরকম ভালবাসাকেই যেন গ্রহণ করি প্রভু!

যে ভালবাসায় নিজের ঢাক পেটানোর জ্বর নেই,
রাগ, সংশয়, হিংসে ইত্যাদির লেশমাত্র যেখানে নেই,
আবেগের বশে ক্ষতি চাইবার মতো ইচ্ছেও নেই,
সেরকম ভালবাসাতেই যেন নত হই প্রভু!

যে ভালবাসায় আছে স্বেচ্ছায় সাহায্য করা,
বিরহের ব্যথায় নিঃশব্দে চোখের জল ফেলা,
আর আছে নিজেকে ভুলে শুধু ভালো চাওয়া,
সেরকম ভালবাসাতেই যেন যাই গলে প্রভু!

-- নয়ন
শনিবার, 12 অক্টোবর 2024
রাত 11 টা, পাটনা