Nayan | WritersCafe.org

Showing posts with label Bengali poem. Show all posts
Showing posts with label Bengali poem. Show all posts

Monday, June 6, 2022

আমার মৃত্যু - My Death


আমার মৃত্যু
হোক যেন 
একটি গাছের চরণতলে,
খোলা আকাশের নিচে,
মাটির বুকে,
কংক্রিটের উপর নয়।

যেখানে
হাওয়াকে আটকাতে
কৃত্রিম দেয়াল হবে না,
সত্যকে লুকোতে
মুখোশের আড়াল হবে না,
যেন সেই পবিত্রতায়
প্রাণ যায় আমার।

যেখানে
অহংকে খুশি করতে
ঢাক পেটানো হবে না,
কী করেছি, কী করিনি,
সেই নামের তকমা হবে না,
যেন সেই ভারহীনতায়
করি দেহত্যাগ।

যা এলে কেউ খেয়াল করে না,
উড়ে গেলেও কেউ টের পায় না,
তেমনই কাউকে না মাড়িয়ে,
কোনও আঁচড় না কেটে,
সেই পাখির
হালকা পালকের মতো,
যেন চলে যাই।

এক নাম না জানা
আগন্তুকের মতো,
বোঝা না বাড়িয়ে,
যাওয়ার সময় যেন
কোনও হ্যাঙাম ছাড়াই,
চুপি চুপি
নিই বিদায়।

আমাকে রেখো না মনে,
কেঁদোও না যেন
আমার কথা ভেবে,
নিজের জীবনকে সাজিও
তোমার নিজের মতো করে,
কেবল দেখো যেন
কেউ কষ্ট না পায়,
কোনও প্রাণ।

আমার আগুন ঠান্ডা হোক,
মাটিতে, বায়ুতে,
জলে ও আকাশে,
মিলে অভিন্ন হোক
আমার ভ্রমের ভিন্নতা,
বিচার ও ধারণার ঊর্ধ্বে,
বুদ্ধির কাঁটা ছুরির থেকে দূর,
নিয়ে চলো প্রভু।

হে বিধাতা,
আমায় মিলিয়ে দিও না
যেন আবার
তোমার নতুন সৃষ্টির সরঞ্জামে।
নিরঞ্জন করো ঠাকুর,
ঠাঁই দিও আমায়
তোমার নির্মল নিস্তব্ধতায়।

-- নয়ন
সোমবার, 6 জুন, 2022
পাটনা

(Image Courtesy: https://www.ted.com/playlists/776/wisdom_for_living_with_death_and_loss)

Friday, December 11, 2020

বারবার কেন... ? Bar bar keno... ?


কি করে চিনবো তোকে
আমি নিজেরেই যে চিনি না!

দেবতার গ্রাসে,
মানুষের দীর্ঘশ্বাসে,
জগতের রুদ্ধশ্বাসে,
আমি বসে রই একা!

এই অখিল ভুবনে
এসেছিলাম তো একা!
তবু কেন সে আমাকে
মায়ের মমতায়, 
পিতার ভালোবাসায়,
সখার সাধে 
জড়িয়ে রাখে?

স্তব্ধ হিয়ার মাঝে,
চোখের পাতার ভীতরে,
আলোর অসংখ্য বুদবুদ
কেন ঘুমোতে দেয় না?

কেন এই পটে বারবার
একই ছবি ফুটে আসে?
একমাত্র শিল্পীর 
আঙ্গুলের ইশারায়,
কেন বারবার আলো 
নেভে আর জ্বলে?

যে দিকেই চাই,
দিকভ্রান্ত হয়ে যাই,
এর কোন মানে হয় না!
তবু কেন ভালো লাগে?

তাই কি বারবার
আলো জ্বলে ওঠে,
আর এই পর্দায় ভেসে ওঠে
নানা রঙের ছায়াছবিগুলো?

হাততালি পড়ে,
কান্নার অশ্রু ঝরে,
প্রেমে দুনয়ন ভাসে,
হিংসায় পরান জ্বলে!
তবু কেন মন ভরে যায় না?

কাতর কন্ঠে
আনন্দের সুর কি মানায়?
আশার চক্ষে
আশঙ্কার আগুন কি দেখায়?
এই উল্টোপাল্টা ছড়া বেঁধে
বেশ চলেছে গল্পটা!

উদ্দাম ঢেউয়ের জলে
হাবুডুবু খাওয়া পিঁপড়ের কাছে
সাগরের কূল খুঁজে পাওয়ার
নিছক কল্পনা যতখানি হাস্যকর,
তার চেয়ে অনেক বেশি
ওর দম বন্ধ করা মরম-বেদনা -
যে সে কিছুই জানে না!

-- 
১০ই ডিসেম্বর ২০২০
রাত ১০.৩০
পাটনা