Nayan | WritersCafe.org

Showing posts with label let go. Show all posts
Showing posts with label let go. Show all posts

Friday, May 30, 2025

ভগ্নমন্দির Ruins


মৃত্যু, আমায় ডাকবি কবে?
এই নববর্ষের শুভক্ষণে তোকে
জানাতেও যে পারিনা আওহান!

শরীরের শেষে প্রাণ যে হয় না শেষ,
ফিরে আসে সে বার বার করে
মর্তলোকের সেই একই নিমেষ!

দেবালয়ের আশিষেতেও
কেন হয়ে যায় বার বার
মাথায় দায়িত্বের ভার?

এমন নয় যে নেই ভালবাসা,
তবু কেন হেরে যেতে চায় মন,
ত্যাগ করে সব আয়োজন?

সময়ের টানে সাগরের ঢেউ
যেন পাগল হয়ে ওঠে,
চোখের জলে কূলকিনারাই পাই না!

একটু স্বাদ চেয়েছিলাম এই ভুবনে -
কোথায় আটকে গেলাম
এই ভগ্নমন্দিরের কোণে?

যে কষ্টে আনন্দ পায়, সে কষ্ট পেতে চায়,
যে প্রেমে খুশী হয়, সে চায় ভালবাসতে,
যে হেরে গেলে সুখী, সে হেরে যেতেই চায়! 

মানুষ যেটায় আনন্দ পায়, তাই চায়।
আনন্দ না পেতে পারলে, কষ্টে ভোগে সে।
দুঃখ-সুখের খেলায় হায়, দুলতেই থেকে যায়!

কোথায় সূর্য, কোথায় চন্দ্র,
কোথায় গ্রহতারা সব নক্ষত্রবৃন্দ?
জীবনের জয়গানে আজ মোর কন্ঠবন্ধ!

যা নেই তা ভেবে-ভেবে, হয়েছে কাঙাল মন,
যা আছে, সেগুলো যায় যে মিশে ধুলায়!
মরণের পানে চেয়ে-চেয়ে কি বাঁচা যায় জীবন?

প্রতিদিনই যে সংবাদ রটে যায় সকালের সাথে,
একবার যদি সে তাকায় মুখটি তুলে...
দেখ, দেবতা ফুকারিয়া চলে ফকিরের বেশে!

প্রকৃতির পরিবর্তন মাঝেও
জীবনের স্লোগান শোনা যায়,
কিন্তু কীকরে শুনবে সে, যে চায় না শুনতে?

আজ সব শেষ যেন হয়, মাগো!
তুমি বক্ষে একদিন করেছিলে ধারণ,
তবু আজ ত্যাজ্যপুত্র হতে চায় মন!

মেঘে ঢাকা তারারা যদি নাই বেরোয়,
আর মুছে যায় আমার মিথ্যে ভুবন -
তোমার কাছে মাগো, এই মোর আবেদন!

যতদিন চেয়েছি লড়তে, পেয়েছি কেবলই কষ্ট,
তোমার সকল চেষ্টাই তাই মনে হয় আজ বৃথা।
তাই আজ যাক না মুছে আলো, নিবে যাক শিখা! 

আর এত করা যায় না রক্ষা, বার বার করে।
মনে আসে ক্ষণে ক্ষণে, মেনে নেওয়ার কথা।
আর সইতে যায় না পারা - আহত ক্লান্ত মাথা!

মাগো! করেছি নষ্ট তোমার সব পূজ্য দান।
এই কুপাত্রে আর ঢেলো না তোমার বরদান।
হেরে যেতে দাও চলে, শেষ গান ফুরাবার আগে।

-- ভাস্কর
15 এপ্রিল থেকে 30 মে, 2025
পাটনা



Monday, September 23, 2024

ভালোবাসা আর ভয় - Bhalobasha aar Bhoy



ভয় পাও বলে কি ভালোবাসো?
নাকি ভালোবাসো তাই পাও ভয়?
বেড়ে উঠলেও বড় হওনি বোধহয়,
তাই রয়ে গেছে মনে এই সংশয়।

ভালোবাসা হলে ভয় হবে না,
ভয় থাকলে ভালোবাসা নেই,
এই দুই একসাথে থাকে না,
ভালোবাসাকে ভুল বুঝেছো তাহলে।

ভয়ের আচ্ছাদনে সন্দেহ-সংশয়রা
লুকোচুরি করে, দমবন্ধ করা
রুদ্ধশ্বাস যেখানে বুকে টিপটিপ করে,
ভালো চাওয়া সেখানে যায়না।

ভালোবাসার আঙ্গিনায় কিন্তু
কাউকে আটকে রাখা থাকে না,
নিজস্ব চাওয়া ফেলে শুধু দেখা -
যাকে ভালোবাসি, সে ভালো আছে তো!

প্রত্যাশারও স্বার্থ সেখানে ঘর করে না,
রাগ-বিদ্বেষ সেখানে আসতে পারে না,
নিজের খেয়াল যেখানে আর থাকে না,
ভালোবাসার পাত্রটিই শুধু রয়ে যায়।

ভালোবাসা সত্যের ছোঁয়া হারায়
যদি ভুলকে তার সংজ্ঞা দিয়ে বসো!
ভালোবাসা মুক্ত করে, তাতে
ধরে রাখার প্রবণতা থাকে না।

যাকে ভালোবাসো, সে তোমার! -
এটা ভাবা যে ভীষণ ভুল!
আর সে তোমারই অনুসারে চলবে! -
এ কিন্তু ভালোবাসা নয়।

জলজ্যান্ত একটি প্রাণ -
সে কীকরে তোমার-আমার হতে পারে?
জীবনকে বস্তুতে পরিণত করে যা -
কীকরে তা ভালোবাসা হতে পারে?

জীবন, ফুলেরই হোক বা মানুষের -
ফুটে ওঠে, সুগন্ধ ছড়ায়, আবার ঝরেও পড়ে।
তার ভালোবাসা সুগন্ধ ছড়ানো - তাকে
মুঠোয় ধরতে গেলে তো সে মারাই পড়বে!

তাই সত্যের আলোয় এসো,
চৌদিকে চেয়ে দেখো,
ধরে রাখার নেই কিছুই এখানে,
আছে কেবলই ভালোবাসা! 

বিদ্বেষ, বেদনা, সন্দেহ, সংশয় 
মুক্ত হও, দেরি করো না আর!
অনেক করেছো বহন,
এবার ফেলে দাও এই ভার!

সত্যকে বুঝতে সাহসী হও
বন্ধু, মিথ্যা করোনা হাহুতাশ!
চোখ খুলে চাও, দেখো
আলো, জল আর বাতাস!

-- নয়ন
সোমবার, 23 সেপ্টেম্বর 2024
দুপুর 12:45, পাটনা